দিল্লি ঘেরাও করতে মরিয়া বিদ্রোহী কৃষকরা - The News Lion

দিল্লি ঘেরাও করতে মরিয়া বিদ্রোহী কৃষকরা




দি নিউজ লায়ন ;   কেন্দ্রীয় সরকারের কৃষি নীতি বাতিলের দাবিতে কৃষক সংগঠনগুলির বিক্ষোভ অব্যাহত। একের পর এক রাজ্য থেকে রাজধানী দিল্লির দিকে হাজার হাজার কৃষকের যাত্রা চলছেই। ভারতের উত্তরপ্রদেশ রাজ্য, রাজস্থান, পাঞ্জাব এবং হরিয়ানার সীমানা পার করে এখন দিল্লি ঘেরাও করতে মরিয়া কৃষকরা। 


বিক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের নতুন এই কৃষি নীতি কর্পোরেট ব্যাবসার সুফল দেবে। কৃষকদের জন্য এই নীতি সর্বনাশ ডেকে আনবে। এদিকে  ভারতের কেন্দ্রীয় মোদি সরকারকে একটানা অবরোধ করে বেঁধে রাখতে অন্ততপক্ষে ছয় মাসের খাবার নিয়ে দিল্লির পথে যাত্রা শুরু করেছেন বিদ্রোহী কৃষকরা। দেশজুড়ে কৃষক বিদ্রোহের আঁচ বুঝেই কেন্দ্রীয় সরকার কৃষক সংগঠনগুলির সঙ্গে শর্ত সাপেক্ষে আলোচনার বার্তা দিলেও সেই বার্তা মানতে নারাজ কৃষকরা। 


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার কৃষকদের সঙ্গে আলোচনা করতে রাজি। আগামী ৩ ডিসেম্বর আলোচনার দিন ধার্য করা হয়েছে। কিন্ত তা সত্বেও ভারতজুড়ে কৃষক বিদ্রোহের রেশ ছড়িয়ে পড়েছে। উলটে কৃষক সংগঠনগুলি নিজেদের মধ্যে আলোচনা করে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে বসবে কি না তা জানিয়ে দেবে বলে বার্তা দিয়েছে। ভারতের রাজধানী দিল্লির দিকে ইতিমধ্যে ঢুকে পড়েছে বিক্ষুব্ধ কৃষকদের একটি অংশ। ফলে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছে। 


কোনও রাজ্যের সীমানায় বিদ্রোহী কৃষকদের আটকে রাখা সম্ভব হচ্ছে না। হরিয়ানা এবং উত্তরপ্রদেশ সরকার প্রাথমিকভাবে বিশাল পুলিশি ব্যারিকেড তৈরি করে কৃষকদের আটকে রাখার চেষ্টা করলেও সেই বাধা কাটিয়ে কৃষক বিক্ষোভ যাত্রা চলছে। পরে অগত্যা বিজেপি শাসিত হরিয়ানা এবগ উত্তরপ্রদেশ সরকার হাল ছেড়ে দেয়। যদিও বিজেপি শাসিত  হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার জানিয়েছে, কৃষকদের এই বিক্ষোভ সম্পুর্নভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। 


এদিকে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস, সিপিআইএম, সিপিআইসহ বিভিন্ন বাম দল এবং একাধিক বিরোধী রাজনৈতিক দল কৃষকদের আই আন্দোলনকে সমর্থন জানিয়েছে। এমনকী কৃষকদের এই আন্দোলনে সামিল হয়েছে এনডিএ জোট ত্যাগ করা শিরোমনি আকালি দলও। তারা ইতিপূর্বে কেন্দ্রীয় সরকারের কৃষি নীতির প্রবল বিরোধীতা করে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে যায়।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.